ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রযুক্তির প্রসার ঘটানোর পাশাপাশি তা ব্যবহারের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
সোমবার ঢাকায় যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেছেন, “প্রযুক্তি দিয়ে কিছুই হবে না, যদি মানুষ তা ব্যবহারে প্রস্তুত না হয়।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সোশ্যাল গুড সামিট-২০১২ এর সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রতিমন্ত্রী দারিদ্র্য হ্রাস এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সামাজিক গণমাধ্যমের গুরুত্বের কথাও তুলে ধরেন।
যোগাযোগ প্রযুক্তি ও ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহার করে কীভাবে উন্নয়নের বাধাগুলো দূর করা যায়, তা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের তিন দিনের ‘সোশ্যাল গুড সামিট’ এর অংশ হিসেবে এই সম্মেলন হয়।
ইউএনডিপি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের ‘একসেস টু ইনফরমেশন’ কর্মসূচি যৌথভাবে এর আয়োজন করে। এর মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩৪ হাজারের বেশি মানুষ এই অনুষ্ঠান অনলাইনে দেখেছে।
তৃতীয়বারের মতো আয়োজিত বার্ষিক ‘সোশ্যাল গুড সামিট’ গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়, যা পরিচিতি পেয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অংশগ্রহণমূলক সম্মেলন হিসাবে। ওই সম্মেলনের শেষ পর্ব হল ঢাকায়।
জটিল সমস্যাগুলো নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উদ্ভাবনী চিন্তাগুলো তুলে আনাই এই সম্মেলনের লক্ষ্য বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান প্রিজনার বলেন, প্রযুক্তিকে মানবিক উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে এবং একে গণভিত্তিক হতে হবে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, চিনি পরিশোধনকারীরা আখ সংগ্রহের জন্য কৃষকদের কাছে এসএমএস পাঠাচ্ছে। এভাবে তারা মধ্যস্বত্বভোগীদের ভূমিকা ছেঁটে ফেলছে।
“এটা জনগণের অধিকার রক্ষায়ও কাজ করে,” বলেন ইউএনডিপি প্রতিনিধি।
রিয়াদ হোসেন নামে এক তরুণ উদ্ভাবক তার উপস্থাপনায় বলেন, মানবিক উন্নয়নের জন্য সামাজিক গণমাধ্যম ব্যবহারে স্থানীয় বিষয়বস্তুর প্রয়োজনীয়তা আছে।
তিনি ‘জাকাট কনেট’ নামে একটি ওয়েবসাইট পরিচালনা করেন। সেখানে তিনি পঙ্গু এক রিকশাচালকের গল্প প্রকাশ করেছিলেন, যার একটি চায়ের দোকান দেয়ার জন্য ১০ হাজার টাকার প্রয়োজন ছিল।
রিয়াদ বলেন, “মাত্র দুই ঘণ্টায় ওই টাকা জোগাড় হয়েছিল। ওই ব্যক্তি আগে যা আয় করতেন, এখন তার দ্বিগুণ আয় করছেন।”
এটুআই প্রকল্পের আনীর চৌধুরী তার উপস্থাপনায় বলেন, এখন ৪ হাজার ৫৪৫টি উপজেলায় তথ্যপ্রযুক্তি সেবা দেয়া হচ্ছে, যা আগে দেয়া যেত না।
“এখন ওই উপজেলা পরিষদগুলো মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে, যা একেবারেই একটি নতুন ধারণা।”
এখন ৫০ শতাংশের বেশি আউটসোর্সিংয়ের কাজ ঢাকার বাইরে হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নতি বলে উল্লেখ করেন আনীর চৌধুরী।
উদাহরণ হিসেবে তিনি বলেন, গ্রামের অনেক শিক্ষক এখন ইউটিউবের বিষয়বস্তু ব্যবহার করে ক্লাসের লেকচার তৈরি করছেন। এটা খুবই শিক্ষার্থীবান্ধব।
“মানুষ দেশের যে কোনো জায়গা থেকে ‘নাগরিক কণ্ঠ’ নামে ওয়েবসাইটের মাধ্যমে তাদের সমস্যা ও সরকারের অবহেলার বিষয় প্রকাশ করতে পারে,” বলেন আনীর চৌধুরী।
তথ্যপ্রযুক্তি, সামাজিক সেবা, ই-গভর্নেন্স, সোশ্যাল মিডিয়া ও নিউ মিডিয়া নিয়ে বাংলাদেশে যারা কাজ করেন, তাদের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২২০০ ঘ.
bdnews24