২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু বুধবার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে আগামী বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে আগামী বুধবার। সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিলখানায় বিজিবি সদরদপ্তরে চার দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক ইউ কে বানসালের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা আসছে। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদরদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের নেতৃত্বে ২৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির উপ-মহাপরিচালক, পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদরদপ্তরের স্টাফ অফিসারবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই, সার্ভে অব বাংলাদেশ, যৌথ নদী কমিশন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে- সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করা, হত্যা করা, আহত করা, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম বা বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণ ইস্যু। এছাড়া সীমান্তের ওপাড় থেকে ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয়/ মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান বন্ধ, সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে যেকোনো ধরনের সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামত কাজ বাধাহীনভাবে সম্পন্ন করা, দুষ্কৃতকারী, সন্ত্রাসীদের আশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আগামী ২৯ সেপ্টেম্বর জেআরডি (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২১৩২ ঘ.