ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে এক আইনজীবী দম্পতির ১৩ বছরের মেয়েকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত তাসমিম রহমান করবী পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে একলা ঘরে করবীকে রক্তাক্ত অবস্থায় দেখে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করবীর বাবা মিজানুর রহমান ও মা আফরোজা বেগম দুজনেই ঢাকা বারের আইনজীবী। তারা হাজারীবাগের ভাগলপুরে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
করবীর মামা সোহেল হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টার দিকে করবীর মামী সেতু বেগম ঘরে ঢুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান।
বাসায় তখন করবী একাই ছিল। তার ছোট ভাই অলি ওই ভবনের চতুর্থ তলার নানীর বাসায় ছিল।
কবরীর মা আফরোজা বাইরে একটি অনুষ্ঠানে এবং বাবা মিজানুর রহমান চেম্বারে ছিলেন বলে সোহেল জানান।
হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ফ্ল্যাট থেকে রক্তমাখা একটি বটি পাওয়া গেছে।
করবী সোমবার স্কুলে গিয়েছিল এবং বিকাল ৪টার দিকে বাসায় ফেরে বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে। ওসির ধারণা, বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে হত্যাকাণ্ড ঘটে।
হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
মিজান ও আফরোজার এই দুই সন্তান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০৩৫ ঘ.
bdnews24