ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রোববার আযাদকে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হলে বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রোববার এই আদেশ দেন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, আবুল কালাম আযাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এরপর ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, দু’এক দিনের মধ্যে দেশের বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আযাদকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হতে বলতে হবে।
আযাদ তারপরও হাজির না হলে আইন অনুযায়ী তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
ট্রাইব্যুনাল গত ৯ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় এবং তাকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলা হয়।
এর আগে গত এপ্রিলে আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।
ট্রাইব্যানালে প্রসিকিউশন গত ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে মানবতাবিরোধী অপরাধের ১০টি ঘটনায় তার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24