২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি কলেজে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে আহত ৫০

সংঘর্ষের পর কলেজ বন্ধ হয়ে গেছে, শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে শনিবার পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি সরকারি কলেজে শুরু হওয়া এ সংঘর্ষ পরে কলেজ গেইট, বনরূপা ও কালিন্দিপুরসহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, অন্তত ২৮ জনকে মিলিটারি হাসপাতাল এবং বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন, বেলা ১২টার দিকে ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে এক পাহাড়ি ও এক বাঙালি ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির জেরে ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়। কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথা তিনি নিশ্চিত করেন। পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় শহরের দোকানপাট ও স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ হয়ে ছিল। এ সময় বিভিন্ন এলাকার বেশ কিছু দোকানপাট ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর হয় বলেও তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় রাস্তায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৩০ ঘ.