শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের শুরুতেই তৃতীয় প্রজন্মের মোবাইল সেবার (থ্রিজি) লাইসেন্সের জন্য নিলাম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে থ্রিজির খসড়া নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও সাধারণের মতামত নেয়া প্রায় শেষ হয়েছে।
আগামী অক্টোবরে প্রাথমিকভাবে নীতিমালা চূড়ান্ত করে বিটিআরসিসহ সংশ্লিস্টদের কাছে পাঠানো হবে এবং ডিসেম্বরের মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে জানান সচিব।
চূড়ান্ত নীতিমালায় নিলামের জন্য একটি সময় উল্লেখ থাকবে জানিয়ে সচিব বলেন, “আগামী জানুযায়িতে নিলামের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। সে অনুযায়ীই কাজ চলছে।”
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় খসড়া নীতিমালা চূড়ান্ত করতে কাজ করে যাচ্ছে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ীই নিলাম প্রক্রিয়ার জন্য পরের কাজগুলো করা হবে।”
বিটিআরসি গত ২৮ মার্চ থ্রিজি মোবাইল সেবার লাইসেন্সের যে খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেয়, তাতে চলতি বছরের ৩ সেপ্টেম্বর নিলামের কথা বলা ছিল।
পাঁচটি অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ওই খসড়া তৈরি করে বিটিআরসি।
একই সঙ্গে তৃতীয় প্রজন্ম (থ্রি-জি), চতুর্থ প্রজন্ম (ফোর-জি) এবং লং টার্ম ইভাল্যুয়েশান (এলটিই) লাইসেন্সের কথাও উল্লেখ করা হয় এ নীতিমালায়।
এই খসড়া নীতিমালার নাম দেয়া হয় ‘সেলুলার মোবাইল ফোন সার্ভিস (থ্রিজি/ফোরজি/এলটিই) রেগুলেটরি লাইসেন্স গাইডলাইন ২০১২’।
খসড়ায় বলা হয়, বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেওয়া হবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক এই লাইসেন্স পাবে।
এর মধ্যে টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন হচ্ছে আগামী ১৪ অক্টোবর। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটককে নিলামে অংশ নিতে না হলেও নিলামে যে দর উঠবে, সেই পরিমাণ টাকা দিয়েই লাইসেন্স নিতে হবে এ প্রতিষ্ঠানকে।
মোট ১৫ বছরের জন্য অপারেটররা এ লাইসেন্স পাবে।
পাঁচটি মোবাইল অপারেটরকে ১০ মেগাহার্টজ করে মোট ৫০ মেগাহার্টজ তরঙ্গ নিলামের সিদ্ধান্ত নিয়ে খসড়া নীতিমালা করা হয়।
থ্রিজি লাইসেন্স নিলামে কমপক্ষে দুটি অপারেটর লাইসেন্স না নিলে নিলাম প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিলাম ডাকা হবে বলে খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের জন্য ৩০ মিলিয়ন (৩ কোটি) মার্কিন ডলার বিড মানি নির্ধারণ করা হয়েছে খসড়া নীতিমালায়।
থ্রিজি লাইসেন্সের জন্য আবেদন ফি বাবদ ৫ লাখ টাকা, লাইসেন্স ফি হিসাবে ১০ কোটি টাকা এবং প্রতি বছর লাইসেন্স নবায়নের জন্য ৫ কোটি টাকা দিতে হবে। এছাড়া ‘রেভিনিউ শেয়ারিং’ হিসাবে লাভের ৫ দশমিক ৫ শতাংশ এবং সামাজিক দায়বদ্ধাতার ফি হিসাবে আরো ১ শতাংশ বিটিআরসিকে দিতে হবে বলে খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১১৪০ ঘ.
bdnews24