২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রা অযথা চাপ দিচ্ছে: মন্ত্রী

মালয়শিয়ার জনশক্তি রপ্তানির সুবিধা চেয়ে বায়রার দাবি এবং জনশক্তি রপ্তানি বন্ধের হুমকি ‘অযথা চাপ’ বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 12:09 PM

Updated : 25 Apr 2022, 09:45 PM

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,

“এজেন্টদের মাধ্যমে মালয়শিয়ার জনশক্তি রপ্তানির সুযোগ চেয়ে অযথা চাপ সৃষ্টি করে লাভ হবে না। সরকারি পর্যায়ে দেশটিতে জনশক্তি পাঠানোর শর্ত আমরা দেইনি বা নির্ধারণ করিনি। তারাই অনিয়ম ও হয়রানি বন্ধে সরকারি পর্যায়ে জনশক্তি নিতে চেয়েছে।”

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নেতারা বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে করে সরকারি পর্যায়ে মালয়শিয়ার জনশক্তি রপ্তানির বিরোধিতা করেন এবং এ দাবি আদায়ে প্রয়োজনে বিদেশে কর্মী পাঠানো বন্ধের হুমকি দেন।

এ অবস্থা থেকে জনশক্তি রপ্তানি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন বায়রা নেতারা।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় খোন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বায়রা সদস্যরা জনশক্তি রপ্তানি বন্ধ করবে কি না- তা তাদের নিজস্ব ব্যাপার।

“জনশক্তি রপ্তানি কোনো ব্যবসা নয়, এটি সেবা খাত। আমরা মানবসম্পদ উন্নয়নে কাজ করছি। তাদের বিদেশে পাঠিয়ে আমরা মানবসম্পদ বিনিময় করছি। আমরা ১৪৩টি দেশে লোক পাঠাই। কোনো দেশে মানুষ পাঠিয়ে ব্যবসা করা যায় না।”

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বিদেশি মুদ্রার কল্যাণেই দেশের রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে- এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, “এতে বায়রা বা সরকার রেমিটেন্স আনছে, এমন দাবি করার কিছু নেই। আমরা কেউই রেমিটেন্স আনছি না।”

খোন্দকার মোশাররফ বায়রাকে ‘সরকার স্বীকৃত’ জনশক্তি রপ্তানিকারক এজেন্টদের সংগঠন হিসাবে উল্লেখ করেন এবং বলেন, সরকার ও বায়রা কেউ কারো প্রতিপক্ষ নয়।

“তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। তারা সরকারের স্বীকৃত জনশক্তি রপ্তানিকারী এজেন্ট। সরকার বিদেশে লোক পাঠায়। সরকারের নীতিমালা অনুযায়ী তারা বিদেশে লোক পাঠিয়ে থাকে।”

বাংলাদেশ থেকে মালয়শিয়ায় ‘সরকারি পর্যায়ে’ জনশক্তি পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, “তারা সরকারি পর্যায়ে লোক নিতে চায়, তাই আমরাও রাজি হয়েছি। এতোদিন বন্ধ থাকা একটি বাজার নতুন করে খুলবে বলেই এতে রাজি হই আমরা।”

একটি ‘স্বচ্ছ প্রক্রিয়া’ নিশ্চিত করে আগে লোক পাঠানো শুরুর পর ওই পদ্ধতি অনুসরণ করে জনশক্তি রপ্তানির বিষয়টি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী বলেন “এক্ষেত্রে বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারকদের জন্য কমিশনের ব্যবস্থা করা হতে পারে। এজন্য বিক্ষুব্ধ হওয়ার কিছু নেই।”

মালয়শিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ‘২০ হাজার টাকা’ করতে বায়রার দাবি প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, “আমরা বলেছি, বিমান ভাড়া দিতে হলেও মালয়শিয়ায় লোক পাঠাতে কর্মীপ্রতি ব্যয় হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা। বিমান ভাড়া ও লেভি নিয়োগকর্তারা দিলে এ ব্যয় ১৫ থেকে ২০ হাজারে নেমে আসবে।”

“গত জুনে বায়রার পক্ষ থেকে মালয়শিয়ায় কর্মী পাঠানোর ব্যয় এক লাখ ২০ হাজার টাকা বলা হলেও এখন তারাই ২০ টাকার হাজার টাকার কথা বলেছে। এখন বেসরকারি খাতে লোক গেলেও তারা কর্মীপ্রতি ৩০ হাজার টাকার বেশি নিতে পারবে না”, যোগ করেন তিনি।

সরকারিভাবে মালয়শিয়ায় লোক পাঠানোর পদ্ধতি ব্যাখ্যা করে খন্দকার মোশাররফ বলেন, সরকারিভাবে বিএমইটির (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) তথ্যভাণ্ডারে (ডাটাবেইজ) নিবন্ধণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কর্মীদের পেশাসহ সব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এ তথ্য চাকরিদাতাদের কাছে সরবরাহ করা হবে।

“চাকরিদাতারা ওই তথ্য ও ছবি দেখে কর্মী পছন্দ ও বাছাই করবেন। তাদের চাহিদা অনুসারেই মালয়শিয়ায় কর্মী পাঠানো হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না।”

দীর্ঘদিন লোক নেয়া বন্ধ রাখার পর বাংলাদেশ সফরে এসে মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী এস সুব্রামানিয়াম গত ১২ সেপ্টেম্বর জানান, বাংলাদেশ থেকে আবার জনশক্তি নিতে তারা রাজি। তবে তারা লোক নেবেন উভয় দেশের সরকারি পর্যায়ে।

খন্দকার মোশাররফও সে সময় জানান, মালয়শিয়ার শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে লোক পাঠানো হবে সরকারিভাবে। কারণ তারা কর্মী নেওয়ার ক্ষেত্রে কোন দালাল বা মধ্যস্বত্ত্বভোগী রাখতে চায় না।