চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সার্জেন্ট আলাউদ্দিনকে দিনভর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষীকে জেরা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মাহবুব আহমেদ।
এরপর বিচারক বৃহস্পতিবার সকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন। বৃহস্পতিবার পুনরায় সার্জেন্ট আলাউদ্দিনকে পুনরায় জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে গত ২৯ অগাস্ট আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন আলাউদ্দিন। ওই দিন তাকে আংশিক জেরা করা হয়েছিল।
২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময়ে সার্জেন্ট আলাউদ্দিন ওই এলাকা সংলগ্ন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ওই রাতে জেটিঘাটে অস্ত্র খালাস দেখেছিলেন সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন।
২০০৫ সালের ১৮ আগস্ট ঢাকায় পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত অবস্থায় সার্জেন্ট আলাউদ্দিনকে আটক করে র্যাব। পরে নোয়াখালীর সুধারাম থানার একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আলাউদ্দিন বলেন, ২০০৭ সালের ১৩ নভেম্বর তিনি হাজতবাস থেকে মুক্তি পান।
তদন্ত কর্মকর্তার শেখানো কথায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে আসামি পক্ষের আইনজীবী দাবি করলে আলাউদ্দিন বলেন, “তা সত্য নয়।”
“ওই জবানবন্দির বাইরে আরো কিছু বলার প্রয়োজন হলে তা বলার আশ্বাস দিয়ে আপনি চাকরিতে পুনর্বহাল হন,” আইনজীবীর এই বক্তব্যেও ‘না’ সূচক উত্তর দেন আলাউদ্দিন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর আমির সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ আসামিকে আদালতে নেয়া হয়।
বুধবার রাষ্ট্রপক্ষ তিনজন সাক্ষীর পুনঃসাক্ষ্য গ্রহণের জন্য আদালতে লিখিত আবেদন করেন।
এ মামলার মূল অভিযোগপত্রভুক্ত তিন সাক্ষী হলেন- কর্ণফুলী থানার তৎকালীন ওসি এবং আলোচিত এ মামলার বাদি আহাদুর রহমান, সিইউএফএল এর তৎকালীন প্রধান নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান বন্দর ফাঁড়ির তৎকালীন হাবিলদার গোলাম রসুল।
মামলাটি অধিকতর তদন্তের পূর্বে তিনজনই একবার করে সাক্ষ্য দেন। আদালত রাষ্ট্রপক্ষের এই আবেদন গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এমআই/২০২৫ ঘ.
bdnews24