পঞ্চগড়, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সদরে নদী থেকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এগুলো ভারতীয় নাগরিকের লাশ বলে ধারণা করছে পুলিশ।
বুধবার দুপুরে সাতমেড়া ইউনিয়নের অমরখানা সেতু এবং ধাক্কামারা ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় লাশ দুটি পাওয়া যায়।
এছাড়া মঙ্গলবার রাতে বোদা উপজেলার মণ্ডলহাট থেকেও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, বুধবার দুপুরে সাতমেড়া ইউনিয়নের অমরখানা সেতুর কাছে চাওয়াই নদীতে ২০/২২ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পরে ধাক্কামারা ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় করতোয়া নদীতে আরেকটি গলাকাটা মৃতদেহ পাওয়া যায়।
“লোকজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে লাশগুলো বাংলাদেশি নাগরিকের না। পাহাড়ি ঢলে ভারতীয় এলাকা থেকে নদী দিয়ে মৃতদেহগুলো ভেসে এসেছে,” বলেন তিনি।
ওসি জানান, ভারতের জলপাইগুড়ির মাটিগাড়া ও রাজগঞ্জ থানায় খবর দেয়া হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে বোদা থানার ওসি কায়সার খান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে উপজেলার মণ্ডল হাট এলাকার একটি ধান ক্ষেত থেকে দফিকুল (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।
দফিকুল ময়দানদীঘি প্রধান পাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে। এ ঘটনায় নিহত দফিকুলের স্ত্রী রাবেয়া খাতুন একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি কায়সার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24