২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ২শ’ ঘরবাড়ি মেঘনায় বিলীন

প্রবল ভাঙনে গত চার দিনে ভোলা সদরের দু’শতাধিক ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ভোলা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল ভাঙনে গত চার দিনে ভোলা সদরের দু’শতাধিক ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। এতে নদীতীরের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জেলা সদরের রাজাপুর, ধনিয়া, কাচিয়া ও ইলিশা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙন চলছে। বাড়িঘর হারা মানুষ খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ ভাঙন কবলিত এলাকার জনগণের। এলাকাবাসী জানায়, এক মাস আগে মেঘনার ভাঙ্গনে ভোলা শহর রক্ষা বাঁধের চারটি পয়েন্ট ভেঙে যায়। এ চার পয়েন্টে রিং বাঁধ দেয়া হলে ভাঙন কিছুটা বন্ধ হয়। কিন্তু আবারো ভাঙন শুরু হয়েছে। গত চারদিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুই শতাধিক বাড়িঘর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি সরেজমিন গিয়ে দেখেন, বেড়িবাঁধে আশ্রয় নেয়া পরিবারগুলো বারবার ভাঙনের কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। কাচিয়া ইউনিয়নের কাচিয়ার কাঠির মাথা এলাকার গৃহবধূ নিরুতাজ বেগম বলেন, “এ পর্যন্ত নদীতে তিনবার বাড়ি ভেঙেছে। এখন আবার ভাঙন শুরু হয়েছে। ঘরবাড়ি নিয়ে এখন কোথায় যাব জানি না।” ওই এলাকার কালাম, দুলাল ও নুরুল ইসলাম বলেন, “ভাঙনের সঙ্গে পাল্লা দিয়ে আর পারছি না। মেঘনা আমাদের ঘরবাড়ি সব খেয়ে ফেলছে। এখন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছি।” ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান বলেন, ভাঙন রোধে একটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫২০ ঘ.