চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপকূল হয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়শিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে ১২০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার শেষরাতে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আরব শাহ বাজার সংলগ্ন উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাঁশখালী থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের ইঞ্জিনচালিত নৌকায় করে মালয়শিয়া নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহায়তায় রাত ৩টার দিকে তাদের আটক করা হয়েছে।”
ওসি জানান, আটক বক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১০৫৫ ঘ.
bdnews24