ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যেক বছর আটক হওয়া জাটকা মাছের এক চতুর্থাংশ বড় হওয়ার সুযোগ পেলে দেশে ইলিশের উৎপাদন দ্বিগুণ হবে বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
রোববার রাজধানীতে অনুষ্ঠিত ‘ইলিশ মাছ চাষের সম্ভাব্যতা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করে মন্ত্রী বলেন, “ইলিশের উৎপাদন দ্বিগুণ করতে দেশের ১৫ জেলার ৮৫ উপজেলায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চারমাস ইলিশ ও জাটকা ধরা বন্ধ রাখা হচ্ছে। এতে দেশে বর্তমানে ইলিশের উৎপাদন বেড়েছে।”
দেশে বর্তমানে ইলিশের বার্ষিক উৎপাদন প্রায় তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন জানিয়ে মন্ত্রী বলেন, ইলিশ ও জাটকা রক্ষা কর্মসূচি শুরুর পর দেশে ইলিশের উৎপাদন বেড়ে এ পর্যায়ে এসেছে।
“জাটকা রক্ষা কর্মসূচি শুরুর আগে গত ২০০২-০৩ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল মাত্র এক লাখ ৯৯ হাজার মেট্রিক টন। গত তিন বছরে এ প্রবৃদ্ধির হার প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ”, যোগ করেন তিনি।
২০১৪-১৫ অর্থবছরের মধ্যে ইলিশের উৎপাদন এ বছরেরও দ্বিগুণ করা সম্ভব হবে বলেও মনে করেন মন্ত্রী।
লতিফ বিশ্বাস জানান, ২০১০-১১ অর্থবছরে উৎপাদন ও আহরণ করা তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন ইলিশের বাজারমূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে আট হাজার ৫৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে দেশ আয় করেছে প্রায় ৩৫৩ কোটি টাকা।
লাগসই গবেষণার মাধ্যমে নবায়নযোগ্য এ সম্পদ রক্ষা এবং এর উন্নয়নে দায়িত্বশীল হতে বিজ্ঞানীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এবং ওয়ার্ল্ড ফিশ সেন্টার (ডব্লিউএফসি) যৌথভাবে ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তন এ কর্মশালার আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭১৭ ঘ.
bdnews24