২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নবীকে নিয়ে ছবি নিষিদ্ধ করতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ও হযরত মোহাম্মদ (স.) কে ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর প্রচার নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ও হযরত মোহাম্মদ (স.) কে ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ এর প্রচার নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানাবেন তিনি। রোববার রাজধানীর আশকোনায় ২০১২ সালের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “ইতোমধ্যে শুনেছি, হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে একটি ফিল্ম তৈরি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।” “আমেরিকার সরকার, ইউএস গভার্নমেন্টকে বলব, যারা এই বই তৈরি করেছে- এটার প্রচার যেনো নিষিদ্ধ করা হয়। এবং যারা করেছে তাদের যেনো কঠোর শাস্তি দেওয়া হয়”, যোগ করেন প্রধানমন্ত্রী। গত ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিম’ নামের চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার জন। বাংলাদেশেও কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করে। এই প্রেক্ষাপটে শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসলাম ও নবীর অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ার প্রতিবাদ জানানো হয়েছে। হজক্যাম্পের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তৃতার একেবারে শেষে ‘ইনোসেন্স অব মুসলিম’ সম্পর্কে প্রতিক্রিয়ায় বলেন, এই চলচ্চিত্র গ্রহণযোগ্য নয়। “নবী করিম (স.) এর জীবন নিয়ে কেউ কোনো রকম খেলা করুক বা বদনাম করুক - সেটা কখনোই কোনো মুসলমান বরদাশত করতে পারে না। এটা আমরা কখনো বরদাশত করব না। কাজেই এটা বন্ধ করতে হবে।” বাংলাদেশে যাতে ওই চলচ্চিত্র প্রচার না হয়- ইতিমধ্যে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও শেখ হাসিনা জানান। এর আগে দলীয় অবস্থান তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমতে বিশ্বাসী।” ইসলাম মানুষ হত্যা, খুন, বোমাবাজি সমর্থন করে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমরা বিশ্বাস করি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কেউ এই পবিত্র ধর্মের বদনাম করবেন- তা আমরা চাই না। এই শান্তির ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কলঙ্ক লেপন করবেন- তা হতে দেব না।” প্রধানমন্ত্রী হজ কার্যক্রমের উদ্বোধনের পর উপস্থিত হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। হজযাত্রীদের সুবিধার্থে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও তিনি বক্তৃতায় তুলে ধরেন। ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি মুজিবুর রহমান। মুজিবুর রহমান বলেন, “হজ যাত্রীদের জন্য এবার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এ বছর হাজীদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে প্রত্যকটি ঘরের সঙ্গে বাথরুম রয়েছে। এছাড়া প্রতি ঘরে টেলিভিশন এবং রিফ্রিজারেটর থাকছে।” হজযাত্রীদের জন্য মোবাইল ফোনের সিম এবং জমজমের পানির ব্যবস্থা রাখার কথা তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ফারুক খান। তিনি বলেন, প্রত্যেক হজযাত্রীকে ঢাকাতেই সৌদি আবরের সিম কার্ড দেওয়া হবে। তাছাড়া দেশের পথে ফিরতি বিমানে প্রত্যেকের জন্য ২০ কেজি করে জমজমের পানি পাঠানো হবে। তারা দেশে ফিরলে ওই পানি পাবেন। এ বছর এক লাখ ১২ হাজার ৫৭০ জন হজ করতে সৌদি আরবে যাচ্ছেন। ১৭ সেপ্টেম্বর ৪১৯ জনকে নিয়ে প্রথম এবং ২০ অক্টোবর শেষ হজ ফ্লাইট যাবে। বাংলাদেশ বিমান ৫৬ হাজার হজযাত্রী বহণ করবে। এছাড়া সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্সহ আরেকটি সংস্থা বাকী হজযাত্রী পরিবহন করবে বলে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল জানান। হজযাত্রীরা যাতে সুষ্ঠুভাবে ও নিরাপদে হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন- সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চান শেখ হাসিনা। তিনি বলেন, “আপনারা আল্লাহর মেহমান হিসাবে পবিত্র হজ পালনে যাচ্ছেন।” সৌদি আবরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যারা আওয়ামী লীগ সমর্থক, তাদের হজের সময় স্বেচ্ছাসেবকের কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান শেখ হাসিনা। ১৯৮৪ সালে ওমরাহ এবং ১৯৮৫ সালে প্রথম হজ পালনের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৯২ সালের হজে গিয়ে তিনি সবচেয়ে বেশি অব্যবস্থাপনা দেখেন। এরপর তিনি দেশে ফিরেই সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমান সরকারের সময়ে হজ পালনকে একটি ‘সুনির্দিষ্ট পদ্ধতির’ আওতায় আনা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “বিগত তিন বছরে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ব্যাপক গুণগত পরিবর্তন হয়েছে। সৌদি সরকারের মূল্যায়নে বাংলাদেশ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান লাভ করেছে। তারা এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৬১৫ ঘ.