গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ, যার গলায় ছিল কাপড় প্যাঁচানো, হাতে বেঁধে রাখার চিহ্ন।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় শাহাদত আলী (১৬) নামের ওই কিশোরের মৃত্যু হয়। শুক্রবার ভোরে কেন্দ্রের নিরাপত্তাকর্মীরা তার লাশ টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মো. রাশেদুজ্জামান জানান, ওই কিশোরকে মৃত অবস্থায় ভোর ৬টা ১০ এ হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ১০টার দিকে মেজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহাদতের গলায় কাপড়ের টুকরো প্যাঁচানো ছিল, তার দাগ পাওয়া গেছে। এ ছাড়া দুই হাতে কিছু দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে।”
টঙ্গী থানার উপ-পরিদর্শক সাজেদা লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি হত্যা না আত্মহত্যা- তা এখনো বোঝা যাচ্ছে না।”
কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়াররুল কবির জানান, শাহাদত আলী কুমিল্লার মনোহরগঞ্জ থানার মান্দারগাঁও আতিয়াবাড়ি এলাকার সামসুল আলমের ছেলে। সে কেন্দ্রের পঞ্চম তলার ৪ নম্বর কক্ষে থাকত।
খুনের মামলার আসামি শাহাদতকে ২০০৯ সালে সংশোধনের জন্য এই কেন্দ্রে পাঠানো হয় বলে তত্ত্বাবধায়ক জানান।
এর আগে গত সোমবার রাতে কিশোর উন্নয়ন কেন্দ্রের ছাদে ওঠার দরজার তালা ভেঙে গার্ড ও আনসার সদস্যদের ফাঁকি দিয়ে সোহেল রাব্বী ও লালু মিয়া নামের দুই কিশোর পালিয়ে যায়। ওই ঘটনায় তত্ত্বাবধায়ক আনোয়ারুল করিম মঙ্গলবার টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু জানান, এর আগে গত ৯ এপ্রিল টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে একই কায়দায় পালিয়ে যায় রানা ও মহিউদ্দিন হাসান নয়ন নামে আরো দুই জন।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি যে প্রতিবেদন দেয়, তাতে বলা হয়, দায়িত্বরত আনসার সদস্য এবং স্থানীয় কর্তৃপক্ষের অসতর্কতা, অসাবধানতা ও দায়িত্বে অবহেলার কারণেই কিশোরদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪০ ঘ.
bdnews24