ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা অনুপস্থিত বলে মনে করেন আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।
তিনি বলছেন, আর এ কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক সঙ্কট: পরিত্রাণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে শাহদীন মালিক এ কথা বলেন।
এই আইন বিশেষজ্ঞ বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা শুরু না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন রয়েছে। তা না হলে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে।”
প্রধানমন্ত্রীর দেয়া নির্বাচনকালীন বহুদলীয় সরকারের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দুই প্রধান দলের নেতারা ঈদের শুভেচ্ছা কার্ড বিনিময় ছাড়া আর কোনো যোগাযোগ রক্ষা করেন না। সেখানে দল দুটি সরকার পরিচালনার কোনো ব্যাপারে একমত হবেন- এমন প্রত্যাশা আমার মতো আশাবাদী লোকও করবে না।”
অন্যদিকে নির্বাচনকালীন সময়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব সামরিক সরকারের উত্থানের কারণ হতে পারে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে তিনিও জোর দাবি জানান।
রাজনৈতিক দলগুলোর কর্মকান্ডের কঠোর সমালোচনা করে ড. পিয়স করীম বলেন, “দুই পরিবারের আধিপত্য থেকে বেরিয়ে এসে অভ্যন্তরীণ গণতন্ত্রের ধারা সৃষ্টি করতে হবে। দেশের রাজনীতিতে কোনো বিপ্লবী পরিবর্তন না এলে দেশ অন্ধকার থেকে অন্ধকারে চলে যাবে।”
“ব্রিটিশ সরকার ১৯০ বছরে কিংবা পাকিস্তান ২৩ বছরে যে পরিমাণ সম্পদ পাঁচার করেছে তার চেয়েওে বেশি পাচার হয়েছে এ দুই দলের শাসনামলে,” বলেন তিনি।
নাগরিক ঐক্য আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৭৩৪ ঘ.
bdnews24