২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সিএনজি স্টেশনে ধর্মঘট স্থগিত

সিলেটে একটি সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভাগের চার জেলায় সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর ১৮ ঘণ্টার মধ্যে স্থগিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 06:30 PM

Updated : 25 Apr 2022, 09:43 PM

সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভাগের চার জেলায় সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর ১৮ ঘণ্টার মধ্যে স্থগিত হয়েছে।

সিলেট বিভাগ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার ভোর থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে এ ধর্মঘট শুরু হয়।

সংগঠনের সিলেট বিভাগের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, সিএনজি ফিলিং স্টেশনে ছাত্রলীগের চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি।

ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

রাতে মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ধর্মঘটীদের সঙ্গে বৈঠক করেন। এরপর কর্মসূচি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করেন তারা।

জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছেন তারা। তবে ৭২ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা পুনরায় কর্মসূচি শুরু করবেন।

‘চাঁদা না দেওয়ায়’ ছাত্রলীগ নেতাকর্মীরা গত ৫ সেপ্টেম্বর সিলেট নগরীর শিবগঞ্জের সুরমা অটোকেয়ার সিএনজি রিফুয়েলিং স্টেশনে ব্যাপক ভাংচুর চালায়।

এ ঘটনায় ছাত্রলীগের সিলেট জেলা কমিটির সহসভাপতি সেলিম চৌধুরীসহ ৭/৮ জনকে আসামি করে শাহপরাণ থানায় একটি মামলা হয়। আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয় সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার রাতে এ সময়সীমা শেষ হওয়ায় ভোর থেকে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে ধর্মঘট শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০২৯ ঘ.