২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যবিপ্রবি অচলাবস্থা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

যশোর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার যশোর জেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য সংগঠন দুটি একে অপরকে দায়ী করে। গত ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর একটি মাইক্রোবাস ব্যবহার নিয়ে এক কর্মচারী একজন সহকারী প্রক্টরের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করেন শিক্ষকরা। কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা অভিযোগ করেন, শিক্ষকরা তাদের অশোভন ভাষায় গালিগালাজ করেছেন। এর জের ধরে পরদিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টায় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ডা. দীপক কুমার মণ্ডল সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। ঘটনার জন্য সহকারী প্রক্টর আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা, সহযোগী অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. জিয়াউর আমিন, সহকারী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, প্রভাষক আশরাফুজ্জামান ও মাহফুজ আল হাসানকে দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ সময় উপস্থি’ত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশিদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক নূরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন পাটোয়ারী, উপ-রেজিস্ট্রার আমিনুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। অপরদিকে সন্ধ্যায় একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলনে শিক্ষক প্রতিনিধি কমিটি অশোভন আচরণের দায়ে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দাবি করে। শিক্ষক প্রতিনিধি কমিটির সদস্য সচিব অভিনু কিবরিয়া ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ৩ দফা দাবি না মানলে শিক্ষকদের ক্লাশ বর্জন অব্যাহত থাকবে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা, সহযোগী অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. জিয়াউর আমিন, সহকারী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, প্রভাষক আশরাফুজ্জামান, মাহফুজ আল হাসান প্রমুখ। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকরা সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে তারা ক্লাসে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২৩০১ ঘ.