২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সমাবেশ ঠেকাতে আদালতে মাহফুজ

সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনী গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের ডাকা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনী গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের ডাকা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভূইঞার আদালতে এই মামলা হয়। মাহফুজুর রহমানের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক আদালতে এ আবেদন করেন। এতে প্রেস ক্লাব ও সাংবাদিকদের ছয়টি সংগঠনের নেতাসহ মোট ৫৯ জন সাংবাদিককে বিবাদী করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের পেশকার আতাউর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় ওই কর্মসূচি অবৈধ ঘোষণার আবেদন করা হয়েছে। বিচারক বেলা আড়াইটায় এ বিষয়ে আদেশ দেবেন। গত ৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনীকে গ্রেপ্তারে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে পরদিন থেকে সারা দেশে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় সাংবাদিকদের কয়েকটি সংগঠন। এসব দাবি আদায়ে ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশের ডাক দেয় সংগঠনগুলো। এছাড়া সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘জড়িত’ থাকার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গ্রেপ্তারের দাবিতে ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। গত ১১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। প্রথমে গোয়েন্দা পুলিশ এ হত্যাকাণ্ডের তদন্ত চালায়। কিন্তু দুই মাসের তদন্তে কোনো ফল না আসায় গত এপ্রিলে র‌্যাবকে তদন্তের দায়িত ¡দেয় হাই কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৪১১ ঘ.