শহীদুল ইসলাম
শিক্ষা বিষয়ক প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপউপাচার্যকে অব্যাহতি এবং মামলা প্রত্যাহারের পদক্ষেপকে স্বাগত জানালেও ক্লাসে ফেরার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বুয়েট শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছে, মামলা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি হল প্রশাসনে রদবদল করতে হবে।
শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে রোববার বুয়েট উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণ করে সরকার। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার থেকেই ক্লাস শুরুর আশা প্রকাশ করেন।
এরপর শিক্ষার্থীদের সিদ্ধান্ত কী- জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি অভীক রায় রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রো-ভিসিকে প্রত্যাহার করায় সরকারকে ধন্যবাদ। এখনো আমাদের দুটি দাবি পূরণ হয়নি।”
“মামলা প্রত্যাহার এবং হল প্রশাসনসহ প্রশাসনিক রদবদল হয়ে গেলেই আমরা ক্লাসে ফিরে যাব,” বলেন তিনি।
শিক্ষার্থীরা শঙ্কা প্রকাশ করে আসছেন, আন্দোলনের কারণে তারা পরে প্রশাসনিক হয়রানির শিকার হতে পারেন; যদিও শিক্ষামন্ত্রী এই ধরনের হয়রানি হবে না বলে শিক্ষকদের আশ্বস্ত করেছেন।
উপাচার্য ও উপউপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলনের মুখে দুই মাসের বেশি সময় ধরে অচল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে গত সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
উপাচার্য অপসারণের দাবি বিবেচনায় রেখে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং উপউপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। সেই সঙ্গে বলেন, বুয়েট সচল করতে যা যা করা দরকার সবই করা হবে।
এই প্রতিশ্রুতি পূরণ হলে ক্লাসে ফিরবেন বলে জানান শিক্ষার্থীরা। গত শুক্রবার তারা সংবাদ সম্মেলনে বলেন, সুনির্দিষ্টভাবে উপউপাচার্যকে প্রত্যাহার, মামলা সংক্রান্ত সব জটিলতার পূর্ণ নিষ্পত্তি, হল প্রশাসনসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক রদবদল হলে ক্লাসে ফিরবেন তারা।
উপউপাচার্য অপসারণের প্রজ্ঞাপন জারির পর শিক্ষামন্ত্রী রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, “দুটি মামলার চূড়ান্ত প্রতিবেদন রোববার আদালতে জমা দেওয়া হয়েছে। তাই মামলাও আর নেই।”
“আমি আশা করব, শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকালই (সোমবার) ক্লাসে ফিরে যাবেন। তাদের প্রত্যাশা মতো আমরা কাজ করেছি। তারাও আমাদের প্রত্যাশা মতো কাজ করবেন বলে আমার বিশ্বাস,” বলেন তিনি।
শিক্ষার্থীরা ক্লাসে ফেরার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও শিক্ষকরা মনে করছেন, ক্লাস শুরু করতে এখন বড় কোনো বাধা নেই।
উপউপাচর্যের অপসারণের পর বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লাস শুরু করতে বড় কোনো বাধা নেই।”
তবে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলাকে ‘সেনসিটিভ’ উল্লেখ করে তিনি বলেন, “কালকের (সোমবার) মধ্যে মামলা প্রত্যাহার হয়ে যাবে বলে আশা করি। এরপরে আমরা ইন্টারনালি কথা বলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেব।”
ক্লাসে ফেরার বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করে সোমবারই ক্লাস পুনরায় শুরুর তারিখ ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দেন এই শিক্ষক নেতা।
শিক্ষার্থী অভীকও বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
এদিকে বুয়েট উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পরবর্তী ক্লাস শুরুর দিনকে ‘প্রথম দিন’ ধরে একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হবে।
তিনি বলেন, “ক্লাস শুরুর জন্য নতুন করে কোনো নোটিস বা ফরমালিটিজের দরকার নেই। ক্লাস শুরুর দিনকেই প্রথম দিন ধরে নিয়ে একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হবে।”
ক্যাম্পাস সচল হওয়ার পর শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকও করবেন বলে জানান উপাচার্য, যার বিরুদ্ধে প্রায় ছয় মাস ধরে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি।
অধ্যাপক নজরুল আশা করছেন, উপউপাচার্যকে প্রত্যাহারের পর শিগগিরই ক্লাস শুরু হবে বলে তিনি আশা করছেন।
উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন কি না- জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল বলেন, “এ ব্যাপারে শিক্ষক সমিতি বসে সিদ্ধান্ত নেব। ক্লাসে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু ভিসির প্রতি আমাদের অনাস্থা রয়েছে।”
“ভিসির ব্যাপারে আমাদের অবস্থান কী হবে, তা নিজেদের (শিক্ষক সমিতি) মধ্যে আলোচনা করে আপনাদের (সাংবাদিক) জানানো হবে,” বলেন তিনি।
অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য ও উপউপাচার্য অপসারণের দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়।
আন্দোলনের মুখে জুলাইয়ে ঈদের ছুটি ঘোষণা করে ক্যাম্পাস বন্ধ করে দেন উপাচার্য। ঈদের ছুটির পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও ক্লাস-পরীক্ষা এখনো বন্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩৫৫ ঘ.
bdnews24