ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মইনুদ্দিনকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপর এক আদেশে কর্নেল একেএম শহীদুল হাসানকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর (বিইউপি) অধ্যাপক পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া তিনজন উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন পদে বেশ কিছু রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) খুরশিদ আলম চৌধুরীকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক, ওএসডি রশিদ আহমেদকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনকে একই জেলায় পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বগুড়ায় বিয়াম ফাউন্ডেশনের পরিচালক পদে কর্মরত উপসচিব আলী রেজা মজিদ একই জেলায় পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক পদে প্রেষণে নিযুক্ত হয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার খান মো. জহির উদ্দিনকে প্রত্যাহার করে পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব মাহবুবা বিলকিসকে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে পদায়ন এবং ওয়াহেদুর রহমানকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৪০ ঘ.
bdnews24