ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয়ের পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার কমিটির বৈঠকে পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্যরা অংশ নেন। পিএসসি চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবহান সিকদারও বৈঠকে ছিলেন।
উপকমিটির আহ্বায়ক করা হয়েছে এ বি এম গোলাম মোস্তফাকে। সদস্যরা হলেন- বরকতউল্লাহ্ বুলু, এম এ মান্নান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও মো. আবু তালহা।
সংসদীয় কমিটির বৈঠকে দ্য মেম্বারস অব দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস) (এমেন্ডমেন্ট) বিল পুঙ্খনাপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং সংসদে উপস্থাপনের জন্য প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬১৫ ঘ.
bdnews24