২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের জেরে ভাওয়াল কলেজে ক্লাস বন্ধ

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অধ্যক্ষের কক্ষসহ তিনটি কক্ষে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ক্লাস বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অধ্যক্ষের কক্ষসহ তিনটি কক্ষে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ক্লাস বন্ধ রয়েছে। শনিবার দুপুরে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাসেরের সভাপতিত্বে কলেজের শিক্ষক পরিষদের এক জরুরি সভায় রবি ও সোমবার ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন এবং ছাত্রসংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত হয় সভায়। কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র একটি ছাত্র সংগঠনের কিছু বিক্ষুব্ধ কর্মী গত শনিবার দুপুরে অধ্যক্ষের কক্ষসহ তিনটি কক্ষে ভাংচুর চালায়। অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাসের বলেন, “ছাত্রলীগের একটি অংশের উচ্ছৃঙ্খল কর্মীরা ভাংচুর চালায়। অধ্যক্ষের কক্ষ, শিক্ষক মিলনায়তন কক্ষ ও রসায়ন বিভাগের কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরের ঘটনায় জয়দেবপুর থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ইদ্রিস আলী জানান, নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার ছাত্র সংসদের সাবেক ভিপি রিপন সরকার ও জেলা যুবলীগের সভাপতি আলতাফ হোসেন বৈঠক করলেও অন্য সংগঠনের নেতাদের তাতে ডাকা হয়নি। “এরপর ছাত্রদল নেতাদের নিয়ে সমন্বিত বৈঠক করার কথা থাকলেও অধ্যক্ষ আগেভাগেই তাদের সঙ্গে বসায় নির্বাচনে ‘প্রহসনের’ আশঙ্কায় ছাত্রলীগ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।” শনিবার দুপুরে অধ্যক্ষের সঙ্গে তার কক্ষে নির্বাচন নিয়ে অলোচনা করার এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা ভাংচুর করে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১২ ঘ.