ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় পানির রিজার্ভ ট্যাংকে পড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু রাব্বি হাসানের (৬) বাবা পূর্ব রামপুরার চায়ের দোকানদার মো. মিলন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাব্বিকে তার বাবা মো. মিলন শনিবার রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান যে সে মারা গেছে।
এসআই আরো জানান, শনিবার বিকালে বনশ্রী ‘সি’ ব্লকে অন্য শিশুদের সঙ্গে রাব্বি খেলা করছিলো। খেলার এক ফাঁকে রাব্বি একটি নির্মাণাধীন ভবনের খোলা পানির রিজার্ভ ট্যাংকে পড়ে যায়।
ট্যাংক থেকে তাকে তুলে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিলো রাব্বি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১৫৭ ঘ.
bdnews24