উত্তম সেন গুপ্ত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি ঘটনায় সাজা ভোগের পর একই মামলায় একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া রশিদ আহমদ (৪০) বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের আহমদ মিয়ার ছেলে।
গত ৪ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পরদিন কারাগারে পাঠানো হয়।
গত বছরের ২৮ নভেম্বর একই মামলায় সাজা ভোগ করে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে বাঁশখালী থানার (মামলা নং- ১৭(১০) ৯৫/ দ-বিধি- ৩৯৫/৩৯৭) একটি ডাকাতি মামলায় আসামি করা হয় রশিদ আহমদকে। ২০০৪ সালের ৩১ জানুয়ারি আদালত তাকে দুই ধারায় ১০ বছর ও ৭ বছর (্একত্রে) কারাদণ্ড এবং পাঁচ হাজার ও চার হাজার টাকা করে সর্বমোট নয় হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের দণ্ডাদেশ দিয়েছিল আদালত।
ওই বছরের ৭ ফেব্র“য়ারি থেকে তারা সাজার মেয়াদ শুরুহয়। সাজা ভোগ করে রশিদ (চট্টগ্রাম কারাগারের কয়েদি নং ৮৮৩৮ (এ)) ২০১১ সালের ২৮ নভেম্বর মুক্তি পান।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গত বৃহস্পতিবার কারাগারের অভ্যন্তরে নিয়মিত পরিদর্শনের সময় রশিদ আমাকে বিষয়টি অবহিত করে।”
বিষয়টি তিনি মৌখিকভাবে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এবং জেলা মুখ্য বিচারিক হাকিমকে অবহিত করেছেন জানিয়ে বলেন, রোববার এটি চিঠির মাধ্যমে আদালতকে জানানো হবে।
এছাড়াও শুক্রবার কারাগার পরিদর্শনের সময় দুই বিচারককে বিষয়টি অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “পুলিশ বিষয়টি নিয়ে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারত। যোগাযোগ করলে এ ধরনের সমস্যা তৈরি হত না।”
বাঁশখালী থানার ওসি আক্তার হোসেন বিষয়টি সম্পর্কে অবগত নন উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি তার সাজার ভোগের পক্ষে হয়ত কোন কাগজপত্র দেখাতে পারেননি বলে এমনটি হয়েছে। এমনও হতে পারে সাজার আগে তার পরোয়ানা জারি হয়েছিল যা তলব হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/২১০৩ ঘ.
bdnews24