২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা থেকে শিশু অপহরণকারীকে গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গা ঘাট থেকে এক শিশু ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গা ঘাট থেকে এক শিশু ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব। অপহরণকারী মো. সঞ্জু মিয়ার (৩৫) বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া গ্রামে। তবে বর্তমানে তিনি পতেঙ্গা থানাধীন নারকেল তলা এলাকায় বাস করতেন। শুক্রবার রাতে পতেঙ্গা ১২ নম্বর ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় র‌্যাব সদস্যরা অপহৃত শিশু মাহিমা আক্তারকে (৩) উদ্ধার করে। মাহিমা নারকেল তলা এলাকার সৌদি আরব প্রবাসী মাসুদ রানা ও বিউটি আক্তার দম্পতির মেয়ে। র‌্যাব-৭ এর মেজর রকিবুল আমিন জানান, গত বৃহস্পতিবার সকালে নারকেল তলার নিজ বাসা থেকে মহিমাকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মাহিমার মা অপহরণকারীদের সাথে মধ্যস্থতাকারী তাদের আত্মীয় সঞ্জুর মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করতে সম্মত হয়ে বিষয়টি র‌্যাবকে অবহিত করেন। তিনি জানান, সঞ্জুই অপহরণকারীদের মূল হোতা এবং মাহিমার ফুফাত বোনের স্বামী। শুক্রবার রাতে সাড়ে আটটার দিকে, অপহৃত শিশুটিকে পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাটে একটি দোকানে অপহরণকারীরা রেখে যায় জানিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, তাদের কথামত মাহিমার চাচি তাকে সেখান থেকে বুঝে নেয়। এসময় সাদা পোষাকধারী র‌্যাব সদস্যরা নগদ ৪৭ হাজার টাকাসহ সঞ্জুকে গ্রেপ্তার করে। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত নয় দাবি করে সঞ্জু সাংবাদিকদের জানান তিনি কথাকাটাকাটি করে অপহরণকারীদের ৪৭ হাজার টাকা কম দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৭৩৪ ঘ.