সিলেট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট এমসি কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার পুলিশ সদস্যও রয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর মিরবক্সটুলা ও চৌহাট্টা এলাকায় এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
গত জুলাই মাসে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের জের ধরে এমসি কলেজে ছাত্রাবাসে আগুন দেওয়া হয়। ওই আগুনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিতে একটি সংগঠন শহীদ মিনারে কর্মসূচির ডাক দেয়।
ওই কর্মসূচিতে ক্যাম্পাস থেকে একদল শিক্ষার্থী যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাঁধে।
শহীদ মিনারে কর্মসূচি আহ্বানকারী ‘শিক্ষাঙ্গন রক্ষা পরিষদ’-এর আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মিছিল অনশনে যোগ দিতে শহীদ মিনারে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে এ সংর্ঘষ বাঁধে।”
তিনি জানান, পুড়ে যাওয়া ছাত্রাবাস পূর্বের আদলে তৈরি করা এবং ক্ষতিগ্রস্ত ছাত্রদের ক্ষতিপূরণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি আহ্বান করা হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৬ ঘ.
bdnews24