কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত অতিক্রমের পর শুক্রবার তিন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র হাতে ধরা পড়েছে।
এরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি গ্রামের প্রয়াত মনছুর আলীর স্ত্রী রাজিয়া বেওয়া (৪৮), তার মেয়ে আদুরী বেগম (২২) এবং আদুরীর ছেলে সেতু (২)।
ফুলবাড়ীর খালিশাকোটাল সীমান্ত পিলার ৯৩৮-এর ৮ নম্বর সাব পিলারের কাছ থেকে আটক করার পর বিএসএফ তাদের পশ্চিমবঙ্গের দিনহাটা থানায় সোপর্দ করেছে।
বালারহাট বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নুরল হক আটকদের স্বজনের বরাত দিয়ে বলেন, সকাল ৯টার দিকে বিএসফের বসকোটাল ক্যাম্পের জোয়ানরা তাদের আটক করে। কাজের সন্ধানে দালালের মাধ্যমে তারা সীমান্ত অতিক্রম করেছে।
আটক আদুরীর দেবর রফিকুল ইসলাম সকাল ১১টার দিকে বালারহাট বিজিবি ক্যাম্পে এ খবর দেন বলে সুবেদার নুরল হক জানান।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, আটকদের ফেরত চেয়ে বালারহাট বিজিবি বিওপি ক্যাম্প থেকে বসকোটাল বিএসএফ ক্যাম্পে পত্র পাঠানো হয়েছে পতাকা বৈঠকের জন্য।
আদুরীর দেবর রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তার ভাই আব্দুল আজিজ ভারতে ইটভাটায় কাজ করেন। তার কাছেই এরা যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৪ ঘ.
bdnews24