গাইবান্ধা, ০৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন।
সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া (৩৭) ওই গ্রামের নুরুল হকের ছেলে। বাবলুর স্ত্রী মোর্শেদা বেগম, মেয়ে মোহসিনা খাতুন ও রোকসানা খাতুন এবং চাচী সাদা রাণীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে বাবলু মিয়া বাড়ির কাছে নিজের ফসলী জমির সীমানা ঠিক করার সময় লাগোয়া জমির মালিক একই গ্রামের ময়নুল হক বাধা দিলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ময়নুল ও তার লোকজন বাবলুকে লাঠি দিয়ে আঘাত করে।
খবর পেয়ে তার স্ত্রী, মেয়ে ও চাচী ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করা হয়। গুরুতর অবস্থায় বাবলুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোর্শেদা বেগম শুক্রবার সকালে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৩২৫ ঘ.
bdnews24