নীলফামারী, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
সদর থানার ওসি আক্কাছ আলী জানান, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের মধুসূদন রায় বুধবার রাতে তার স্ত্রী জবারানীকে পিটিয়ে হত্যা করেন বলে বৃহস্পতিবার রাতে একটি মামলা করেন নিহতের ভাই। এতে আসামি করা হয়েছে মোট তিন জনকে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে ওসি জানান।
আক্কাছ আলী জানান, জবারানীর সঙ্গে ১৫ বছর আগে মধুসূদনের রায়ের বিয়ে হয়। তবে ঢাকায় একটি পোশাক কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করার সময় চার বছর আগে দিপারানী রায় নামের আরেকজনকে বিয়ে করেন মধুসূদন। প্রায় তিন বছর পরে সম্প্রতি তিনি দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন।
এ নিয়ে পারিবারে কলহ সৃষ্টি হলে এলাকাবাসীর উদ্যোগে দিপারানীকে ঢাকায় পাঠানো হয়। তবে প্রথম স্ত্রীর সঙ্গে তার কলহ লেগেই থাকে।
ওসি বলেন, “বুধবার রাতে ঝগড়া বিবাদের এক পর্যায়ে মধুসূদন তার স্ত্রী জবারানীকে পিটিয়ে হত্যা করে।”
মামলার অন্য আসামিরা হলেন- একই এলাকার দুখু রামের ছেলে দুলাল চন্দ্র রায় (৫০), ডালিম রায়ের ছেলে সত্যেন রায় (৩০) ও সুধীর রায়ের ছেলে ডালিম রায় (২৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৩১৬ ঘ.
bdnews24