নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গাড়ি চালনা শিখতে গিয়ে প্রাইভেটকার খালে পড়ে দম্পতির মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মিরাজ হোসেন (৩০) ও তার স্ত্রী রিপা (২৫)। তারা ঢাকার জুরাইনে থাকেন।
ওসি জানান, মিরাজ ও রিপা বুধবার জালকুড়িতে এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে তারা গাড়ি চালনা শেখার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিএনডি খালে পড়ে যায়। পরে আশপাশের লোকজন গাড়ির পেছনের কাচ ভেঙে তাদের উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১১১০ ঘ.
bdnews24