২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেরা ঠেকাতে সিয়েরা লিওনে আইসিডিডিআর,বির দল

কলেরার বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি প্রতিনিধি দল সিয়েরা লিওন পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেরার বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি প্রতিনিধি দল সিয়েরা লিওন পৌঁছেছে। আইসিডিডিআর,বির প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার সিয়েরা লিওনে পৌঁছেছেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি সিয়েরা লিওনে কলেরা ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও বৃষ্টির কারণে পানিবাহিত এ রোগটি সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনেও দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ধারা চলতে থাকলে সেপ্টেম্বর শেষে এ রোগে আক্রান্তের সংখ্যা ৩২ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আইসিডিডিআর,বির প্রতিনিধি দলে রয়েছেন প্রতিষ্ঠানটির ঢাকা হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. প্রদীপ কে বর্ধন, উদরাময় রোগ বিভাগের প্রধান ডা. আজহারুল ইসলাম খান ও এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির প্রধান ডা. মো. সিরাজুল ইসলাম। দ্রুত রোগ নির্ণয় এবং কলেরায় আক্রান্তদের চিকিৎসা ও সেবার বিষয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য সিয়েরা লিওনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কর্মরত অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগ দেবেন তারা। “প্রকৃতপক্ষে ঢাকা হাসপাতালে প্রতি সপ্তাহে আমরা কয়েক শ’ ডায়রিয়া রোগীর চিকিৎসা করি বলে এ বিষয়ে আমাদের দক্ষতা বেড়েছে”, ফ্রিটাউনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বলেন ডা. খান। এর আগেও কলেরার বিস্তার ঠেকাতে অন্য বেশ কয়েকটি দেশকে সহযোগিতা করেছে আইসিডিডিআর,বি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/১৯১৯ ঘ.