২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইনজীবীদের কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত

ঢিলেঢালাভাবে ষষ্ঠ দিনের মতো পালিত হয়েছে চট্টগ্রামে আইনজীবীদের আদালত বর্জন এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢিলেঢালাভাবে ষষ্ঠ দিনের মতো পালিত হয়েছে চট্টগ্রামে আইনজীবীদের আদালত বর্জন এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হক এজলাসে না বসায় এবং অর্থঋণ আদালতের বিচারক মাহাবুবুল আলম ছুটিতে যাওয়ায় কর্মসূচি ঢিলেঢালা ভাবে পালিত হয় বলে স্বীকার করেছেন আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী। ওই দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের সরিয়ে নেওয়ার দাবি আইনজীবীদের। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিএমএম আদালতের সামনে অবস্থান ধর্মঘট করেন আইনজীবীরা। সমিতির সভাপতি দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএমএম গত মঙ্গলবার আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি এজলাসে বসবেন না। আমরা যোগাযোগ করেছি এবং আশ্বাসও পেয়েছি যে দুই বিচারককে সরিয়ে নেওয়া হবে।” তবে যতদিন পর্যন্ত দুই বিচারককে সরানো না হবে, ততদিন পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তিনি। গত ১১ জুলাই সমিতির সাধারণ সভায় নিজামুল হক এবং মাহাবুবুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের সরে যাওয়ার জন্য এক মাসের সময় বেঁধে দেয় আইনজীবী সমিতি। ওই সময় শেষ হওয়ার পর গত ২৯ অগাস্ট দুপুরে সমিতির বিশেষ সাধারণ সভায় দুই বিচারকের আদালত বর্জন এবং অবস্থান ধর্মঘটের সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/১৫৩০ ঘ.