ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রত্যন্ত অঞ্চলে ‘প্রান্তিক মানুষের জন্য’ চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) পদক পেয়েছে ‘জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)’।
ফ্লোরিডার ফোর্ট লাউডারডিলের ব্রয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে সোমবার এক অনুষ্ঠানে ‘ফোবানা আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড, ২০১২’ নামের এ পদক হস্তান্তর করা হয়।
ফোবানার সভাপতি আতিকুর রহমান অনুষ্ঠানে জেবিএফএইচ’র চেয়ারম্যান জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈমের হাতে পদক তুলে দেন।
হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচালিত কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়েছে।”
তিনি জানান, জেবিএফ হাসপাতাল গত ছয় বছর ধরে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রতিমাসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১০১০ ঘ.
bdnews24