গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত সিটি কর্পোরেশন থেকে বাদ পড়ার আশঙ্কায় বিক্ষোভ করেছে গাজীপুরের চতর ও ভানুয়া মৌজার বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ওই দুটি এলাকা অন্তর্ভুক্ত করেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস দেন বিক্ষোভকারীদের।
এলাকাবাসী জানায়, ভানুয়া ও চতর মৌজা দুটি গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশনে এ দুটি মৌজা অন্তর্ভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়। পরে গত এপ্রিল মাসে শুনানিও হয়। তখন কেউ এ নিয়ে কোনো আপত্তি করেনি।
কিন্তু স¤প্রতি একটি জাতীয় সংবাদপত্রে খবর প্রকাশিত হয় যে, মৌজা দুটি সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সেনাবাহিনী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপত্তি জানিয়েছে। সেই খবরের সূত্র ধরেই এলাকাবাসী বিক্ষোভ দেখায়।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল উপস্থিত হন।
বিক্ষোভকারীদের মধ্যে বাছির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন বাবু ও আবু সাইদ খানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন সাংসদরা।
বৈঠক শেষে আ ক ম মোজাম্মেল হক এমপি ও জাহিদ আহসান রাসেল এমপি বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, ভানুয়া ও চতর মৌজাকে অন্তর্ভুক্ত রেখেই সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব পাঠানো হবে।
বাছির উদ্দিন জানান, অতীতে ভানুয়া ও চতর গাজীপুর ক্যান্টনম্যান্টের অধীনে থাকায় কোনো উন্নয়ন হয়নি। এ এলাকায় সেনাবাহিনীর সমরাস্ত্র কারখানা ও ক্যান্টম্যান্ট বোর্ড অফিস রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২২ ঘ.
bdnews24