২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নাকচ, ডেসটিনির আজাদ কারাগারে

অর্থ পাচারের এক মামলায় ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের এক মামলায় ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। জামিন ও পুলিশ হেফজতের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার মহানগর হাকিম ইসমাইল হোসেন এই আদেশ দেন। পুলিশ হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও খারিজ করে দেন বিচারক। গত ৩১ জুলাই আবুল কালাম আজাদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে ১১শ ৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলা করা হয়। দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৮ অগাস্ট পুলিশ আজাদকে আদালতে হাজির করার পর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোজাহার আলী সরদার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন। কিন্তু মামলার নথি ও প্রয়োজনীয় কাগজপত্র অন্য আদালতে থাকায় সেদিন শুনানি না করে আজাদকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার তাকে আবারো আদালতে হাজির করার পর আইনজীবীরা আজাদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম ইসমাইল হোসেন দুটি আবেদনই নাকচ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৩২৩ ঘ.