ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহবাগের জাতীয় শিশুপার্কে এখন থেকে প্রতি বুধবার অটিস্টিক শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। ওইদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অটিস্টিক শিশুরা বিনা টিকিটে ঢুকতে পারবেন।
বুধবার বিকালে ‘প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল’ আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জিল্লার রহমান ।
তিনি বলেন, “শিশুদের এ বিনোদন কেন্দ্র যেদিন প্রথম যাত্রা শুরু করে, সেদিনই এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। তবে দেরিতে হলেও আমরা এ ধরনের সুযোগ সৃষ্টি করতে পেরেছি এতেই আমি খুশি। এসব শিশুর জন্য সমাজেরও কিছু দায়বদ্ধতা রয়েছে।”
প্যারেন্টস ফোরামের সভাপতি সাজিদা রহমান দিনী বলেন, “আমরা অটিস্টিক শিশুদের জন্য দীর্ঘ ১ বছর থেকে কাজ করছি। তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। অন্যান্য শিশুদের মতো তাদেরও বিনোদনের অধিকার রয়েছে।”
ভবিষ্যতেও অটিস্টিক শিশুদের জন্য নতুন নতুন কর্মসূচি নেয়া হবে জানিয়ে তিনি বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না, তারা সমাজের জন্য লজ্জার কিছু নয় বরং আমাদের জন্য ভালোবাসাই বয়ে আনে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএ/এমআই/২০৫৯ ঘ.
bdnews24