ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির খুনী গ্রেপ্তারে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে সাংবাদিকদের সংগঠনগুলো বলছে, তা না হলে পরদিন থেকে সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংগঠনগুলোর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “২৫ সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ করা হবে। সেখান থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো আমরা।”
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন গণমাধ্যমে বেতন ভাতা বন্ধের প্রতিবাদ এবং অষ্টম ওয়েজবোর্ডের দাবিতে কর্মসূচি ঠিক করতে এ সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোটার্স ইউনিটির নেতারা।
এসব দাবি আদায়ে ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশের ডাক দিয়েছে সংগঠনগুলো।
এছাড়া সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘জড়িত’ থাকার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গ্রেপ্তারের দাবিতে ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
সাগর-রুনি খুন হওয়ার পর প্রথমে এর তদন্ত চালাচ্ছিল গোয়েন্দা পুলিশ। কিন্তু দুই মাসের তদন্তে কোন ফল না আসায় গত এপ্রিলে হাই কোর্ট তদন্তের দায়িত্ব র্যাবকে দেয়।
র্যাব তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রথমে মরদেহের ভিসেরা প্রতিবেদন তৈরির জন্য লাশ তোলা হয়। এরপর হত্যাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য তা যুক্তরাষ্ট্রে পাঠায়।
সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাগর রুনি হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার আশঙ্কা করছি। তদন্তের নামে কাল ক্ষেপন করা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমডি/আরএ/১৪৫৭ ঘ.
bdnews24