ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগপত্রের দাবিতে ব্রাক্ষণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের ব্যানারে বুধবার সকাল থেকে ব্রাক্ষণবাড়িয়ায় বিজিএফসিএলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অবরোধের কারণে কয়েকশ যানবাহন আটকা পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বিক্ষোভকারীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। তারা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির কার্যালয়েও কোনো কর্মীকে ঢুকতে দেয়নি।
সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষায় ১৪৩ জন উত্তীর্ণ হয়। কিন্তু দুর্নীতির অভিযোগ পেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় গত ২৯ অগাস্ট নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিজিএফসিএলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয় সংসদীয় কমিটি।
ব্রাহ্মণবাড়িয়া নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের আহবায়ক পৌর মেয়র হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত উত্তীর্ণরা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।
বিক্ষোভকারীরা জানান, দুপুর ২টা পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া না পেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১১২৫ ঘ.
bdnews24