ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে উচ্চশিক্ষা ক্ষেত্র স¤প্রসারণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ভারত।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে ঢাকায় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ এ আগ্রহের কথা জানান।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে তারা দুই দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পর্যায়ের এক্সচেঞ্জ ভিজিটের প্রয়োজনীয়তার ব্যাপারে একমত পোষণ করেন।
ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের এমএস, পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি বৃদ্ধির ব্যাপারেও একমত হন তারা।
বাংলাদেশ ক্ষুদ্র প্রকল্পের জন্য বরাদ্দকৃত পাঁচশ কোটি টাকার সাহায্য তহবিল থেকে উচ্চ শিক্ষার জন্য অর্থ সংস্থানের ব্যাপারেও ভারতীয় হাই কমিশনার আগ্রহ প্রকাশ করেন।
ইউজিসি চেয়ারম্যান উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও শিক্ষা-সংস্কৃতির বিনিময় বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে ভারতের শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন’ নামে একটি ভবন নির্মাণ করতে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৫০ ঘ.
bdnews24