ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের অর্থ কারসাজির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের তদন্ত নিয়ে ‘মোটেও চিন্তিত নন’ বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের সাবেক ব্যাবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ওই ঘটনায় আমি মোটেও দায়ী নই। আমার এক সুতা দোষও কেউ খুঁজে পাবে না।”
“আমি সব সময় পরিষ্কার থেকেছি, তাই নিজের ভবিষ্যৎ সম্পর্কে আমি দুশ্চিন্তগ্রস্ত নই”, যোগ করেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ ২ হাজার ৬৬৮ কোটি ৪০ লাখ টাকা ঋণ তুলেছে। তাদের সঙ্গে আরো পাঁচটি প্রতিষ্ঠান মিলে তুলেছে মোট ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা।
ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার অনুসন্ধান ও তদন্তের জন্য দুদক ৩২ জনের একটি তালিকা করেছে, যার মধ্যে ৩০ জনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে।
২০১০ সালে হলমার্কের অর্থ ‘কারসাজির’ সময় সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ছিলেন হুমায়ুন কবির।
দুদকের তলবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে উপস্থিত হন সাবেক এমডি। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি বেরিয়ে আসেন। প্রথমে সাংবাদিকদের এড়িয়ে গেলেও পরে দু’ একটি প্রশ্নের উত্তর দেন।
দুদক কার্যালয়ে তাকে তলব করার কারণ জানতে চাইলে বলেন, “কিছু তথ্যের জন্য আমাকে ডাকা হয়েছিল, আমি তা দিয়েছি। আপনারা দুদকে যোগাযোগ করে বাকিটুকু জেনে যাবেন।”
এর আগে গত ৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের ডিএমডি আতিকুর রহমান ও ডিএমডি মাইনুল হককে জিজ্ঞাসাবাদ করেন দুদক। তাদের দুজনকে মঙ্গলবার ওএসডি করেছে অর্থ মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৮৫৪ ঘ.
bdnews24