ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের গাড়ি বহরে হামলার অভিযোগে দায়ের করা মামলার ১১ আসামিকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
আসামিরা বুধবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি ভবানী প্রাসাদ সিংহের হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদেরকে চার মাসের জামিন দেয়।
আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন শুনানি করেন। তাকে সহায়তা করেন মো. নাসির উদ্দিন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সরওয়ার কাজল।
জামিন পাওয়া ১১ আসামি হলেন, মো. লোকমান সরদার, সবুজ হাওলাদার, মো. লিটন, শিপন হাওলাদার, রাসেল টেডন, জুয়েল টেডন, সিরাজ সরদার, রেজাউল ফরাজী, খোকন চোকর, কামরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের ওপর হামলার ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১১ জন আসামি জামিন আবেদন করলে আদালত আজ সবাইকে জামিন দিয়েছেন।
তিনি জানান, ৩১ আগস্ট আবদুস সোবহান গোলাপ মাদারীপুরে ঈদের শুভেচ্ছা বিনিয়ম করতে গেলে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরের দিন জনৈক দুলাল বেপারী ১২ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।
একুশে টিভি চেয়ারম্যানের জামিন
একই বেঞ্চ মানহানির অভিযোগে করা এক মামলায় একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে চার মাসের আগাম জামিন দিয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার চেয়ারম্যান এ কে এম মোকসেদ চৌধুরী ২০১০ সালের ২২ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।
আদালতে সালামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৭০৮ ঘ.
bdnews24