২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গ্রামবাসীর হামলা: ম্যাজিস্ট্রেট-পুলিশসহ আহত ১৫

হবিগঞ্জ সদরে আদালতের নির্দেশে জমির মালিককে দখল বুঝিয়ে দিতে গিয়ে গ্রামবাসীর হামলায় এক ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদরে আদালতের নির্দেশে জমির মালিককে দখল বুঝিয়ে দিতে গিয়ে গ্রামবাসীর হামলায় এক ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার উচাইল গ্রামে এ হামলায় আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম মাহমুদুর রহমান বলেন, উচাইল গ্রামের পরিত্যক্ত ৮ একর ৫৩ শতক গোচারণ ভূমি নিয়ে গ্রামবাসীর সঙ্গে একই গ্রামের জাকিয়া পারভিন বিউটির মামলা চলছিল। গত ২৯ অগাস্ট হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলতাব হোসেন ওই জমির প্রকৃত মালিক বিউটি বলে রায় দেন। “দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ নিয়ে বিউটিকে জমির দখল বুঝিয়ে দিতে গেলে গ্রামবাসী লাঠিসোটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।” এ হামলায় তিনি নিজে, হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল আমিন, কনস্টেবল আব্দুল ওহাব, জমির মালিকজাকিয়া পারভিন বিউটিসহ অন্তত ১৫ জন আহত হন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৩ ঘ.