২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের ঘটনায় জড়ানোর শঙ্কায় ছিলেন নিতাই

“মৃত্যুর আগে প্রায়ই নিতাই বলতো হাসপাতালে যা খারাপ অবস্থা, কখন কোন দিক দিয়ে একটি হত্যাকাণ্ড ঘটবে, তখব শুনতে পাবে আমাকে জড়ানো হয়েছে,” স্ত্রী লাকিকে এ কথা বলেছিলেন নিতাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজে খুন হতে পারেন এমন শঙ্কা না থাকলেও খুনের মামলায় জড়িয়ে দেওয়া হতে পারে- এমন আশঙ্কায় ছিলেন চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই। স্ত্রী লাকি দত্তের কাছে তিনি এ কথা কথা জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লাকি দত্ত শনিবার বলেন, “মৃত্যুর আগে প্রায়ই নিতাই বলতো হাসপাতালে যা খারাপ অবস্থা, কখন কোন দিক দিয়ে একটি হত্যাকাণ্ড ঘটবে, তখব শুনতে পাবে আমাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে।” তবে কার সঙ্গে কার বিরোধ এবং কী নিয়ে বিরোধ তা উল্লেখ করেননি বলে জানান তিনি। গত ২৩ অগাস্ট ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য নারায়ণ। ওই রাতে নারায়ণের দোতলা বাড়িতে শুধু তার অশীতিপর মা ছিলেন। লাকি দত্ত ছিলেন চট্টগ্রামে। গোয়েন্দা কর্মকর্তারা দাবি করে আসছেন, ডাকাতিতে বাধা দেওয়ায় খুন হন এই চিকিৎসক নেতা। তবে নারায়ণ পরিবারের দাবি, বক্ষব্যাধি হাসপাতালে নিয়োগও এর পেছনে কাজ করতে পারে। নারায়ণ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদেরই একজন জানিয়েছেন নিতাইয়ের গাড়ি চালক অরুণ বিভিন্ন তথ্য দিয়ে তাদের সহযোগিতা করেছেন। এ বিষয়ে লাকি বলেন, “আমি আগেই জানিয়েছিলাম এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা ডাকাতির ঘটনা নয়।” তিনি জানান, গত বছরের ১১ নভেম্বর ৯ হাজার টাকা বেতনে গাড়িচালক কামরুল হাসান অরুণ চাকরি নেয়। থাকতেন মহাখালীর সাততলা বস্তিতে। হাসপাতালের কর্মচারী দুদু মিয়া অরুণকে নিজের শ্যালক বলে নিতাইকে জানায়। লাশের সঙ্গে গাড়ি চালিয়ে অরুণও চট্টগ্রাম গিয়েছিলেন জানিয়ে লাকি দত্ত বলেন, “চট্টগ্রাম গাড়ি রেখে ঢাকায় আসার পর আর তাকে পাওয়া যায়নি।” এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালককে পেলেই আসল রহস্য জানা যাবে। তবে একটি খুন হয়েছে এবং যারা খুন করেছে, পুলিশ তাদের গ্রেপ্তারও করেছে।” নারায়ণ হত্যাকাণ্ডের পর তার বাবা তড়িৎ কান্তি দত্ত বনানী থানায় একটি মামলা করেছেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা নারায়ণ খুন হওয়ার পর সারাদেশে চিকিৎসকরা দুদিন কর্মবিরতিসহ বিক্ষোভের কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২২৬ ঘ.