২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় আহত, হাসপাতালের পথে দুর্ঘটনায় নিহত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত এক যুবক হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত এক যুবক হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার গভীর রাতে বাসন্ডা গ্রামে নিজ বাড়িতে হামলায় আহত হন আবুল বাসার (২৮)। শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) মফজল আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে একদল দুর্বৃত্তের হামলায় আবুল বাসার মাথায় গুরুতর আঘাত পান। রাত ৩টায় তাকে নাঙ্গলকোট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ভোরে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে কুমিল্ল¬া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কুমিল্লা-লাকসাম সড়কে সদর দক্ষিণ উপজেলার আলিশ্বর এলাকায় একটি ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবুল বাসারের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করেছে। বাসন্ডা গ্রামের দুদু মিয়ার ছেলে আবুল বাসার চারদিন আগে বিয়ে করেন বলে তার স্বজনরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৭ ঘ.