সিরাজগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে ধরে পুলিশ দিয়েছে জনতা।
আটক শুকচাঁন (৩৫) শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের আফাজ সরকারের ছেলে।
স্থানীয়দের বরাতম দিয়ে এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান বলেন, সকালে শাহজাদপুর পৌর এলাকার থানা ঘাটের এক শিশু (১০) পাশের দোকানে পাউরুটি কিনতে যায়।
ওই সময় দোকানদারের অনুপস্থিতিতে শুকচাঁন কৌশলে তাকে অটোরিকশায় তুলে এনায়েতপুরের দিকে রওনা হয় এবং পথে কালিপুর এলাকায় ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় শিশুটির চিৎকারে লোকজন শুকচাঁনকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৯ ঘ.
bdnews24