২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে রেলের ডাবল লাইন হবে: রেলমন্ত্রী

আগামী দুই বছরের মধ্যে উত্তরাঞ্চলে রেলের ডাবল লাইন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই বছরের মধ্যে উত্তরাঞ্চলে রেলের ডাবল লাইন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পরিদর্শকালে তিনি একথা বলেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী ট্রেনে আগামী জানুয়ারিতে একটি বগি সংযোজন এবং মার্চ-অগাস্টের মধ্যে কিছু নতুন ট্রেন পাওয়ার পর সেখান থেকে একটি চাঁপাইনবাবগঞ্জে দেওয়া হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, যতটা সম্ভব রেলওয়ের বর্তমান সীমাবদ্ধ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সারাদেশে রেলওয়ের ৬২ হাজার একর জমির মধ্যে পাঁচ থেকে ছয় হাজার একর বেদখল হয়ে আছে। যেমন পার্বতীপুর ও চাঁদপুরে রেলের সম্পূর্ণ জমি বেদখল হয়ে গেছে। বছরের পর বছর রেলের একটি দুষ্ট চক্র রেলকে নষ্ট করে নিজেরা বড়লোক হয়েছে, বলেন মন্ত্রী। পরিদর্শনকালে রেল যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তিনি চাঁপাইনবাবগঞ্জের গোলাবাড়ি স্টেশনের সহকারী বুকিং মাস্টার ইব্রাহিমকে বদলির নির্দেশ দেন। যাত্রীরা তার বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন মন্ত্রীর কাছে। রাজশাহী রেলওয়ের পশ্চিম জোনের জিএমকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশ দেন। এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক, স্থানীয় সাংসদ আব্দুল ওদুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫২ ঘ.