ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূল ও উত্তরাঞ্চলের জন্য লবণাক্ততা ও খরাসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনে প্রযুক্তি সহায়তা দিতে ইউএসএআইডি’র প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
ইউএসএআইডি ওয়াশিংটনের খাদ্য নিরাপত্তাবিষয়ক সহকারী পল ওয়েইসেনফেলডের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার খাদ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহায়তা চান।
মন্ত্রী বলেন, “দেশের উপকূলীয় অঞ্চলের জন্য লবণাক্ততা এবং উত্তরাঞ্চলের জন্য খরা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনে আমাদের চলমান প্রচেষ্টায় প্রযুক্তি সহায়তা প্রয়োজন। ইউএসএআইডির সহায়তা পেলে বাংলাদেশ এক্ষেত্রে সফল হতে পারে।”
এসময় পল ওয়েইসেনফেলড খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
আব্দুর রাজ্জাক জানান, দেশে দীর্ঘদিন ধরে খাদ্য সংকট থাকলেও স¤প্রতি খাদ্য উৎপাদন আশাব্যঞ্জকভাবে বেড়েছে। গুদামে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে এবং দামও কম।
মন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে ইউএসএআইডির সহায়তার জন্য ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে ‘ফিড দ্য ফিউচার’ কর্মসূচি নিয়েছেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনাকেও এতে সম্পৃক্ত করা হয়েছে। সিআইপির ১২টি খাতের মধ্যে ছয়টি খাত ‘ফিড দ্য ফিউচার’ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
নয় বিলিয়ন ডলারের এ বিনিয়োগ পরিকল্পনায় ইউএসএআইডি থেকে বাংলাদেশ ৯০০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউএসএআইডি এশিয়া অঞ্চলের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর ডেনিস রোলিন্স, ইউএসএআইডি ওয়াশিংটনের খাদ্য নিরাপত্তা ব্যুরোর অমিত মিস্ত্রি, ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন ও ইউএসএআইডি বাংলাদেশের রমোনা এল হামজাওই।
এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব আসলাম আলম, খাদ্যসচিব মুশফেকা ইকফাৎ ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এইচএ/২০২৫ ঘ.
bdnews24