নারায়ণগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইাহাজার উপজেলায় পারিবারিক কলহে এক ব্যক্তি খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদি গ্রামের এ ঘটনায় ওই পারিবারের আরো চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
নিহত জাইদুল মিয়া (৪৫) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী নিহতের ভাই ফারুককে (২৪) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খিরদাসাদী গ্রামে জাইদুল, জয়নাল ও ছাদু মিয়া- এই তিন ভাই একই ভিটায় থাকেন। সকাল ১১টায় বাড়ির উঠানে ছাগল বাধাকে কেন্দ্র করে তিন ভাইয়ের পরিবার মারামারিতে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে প্রতিপক্ষ জাইদুল, তার ছেলে মনির হোসেন (২৫), স্ত্রী হোসনে আরা (৪০), ছাদু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), ছেলে কাউসার (১৮) গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি।
সেখান থেকে গুরুতর আহত ছাইদুলকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এখনো থানায় কেউ মামলা করতে আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আহত ছেলে মনির হোসেন সাংবাদিকদের জানায়, তার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
চাচা জয়নাল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় থানায় মামলা ও লাশের ময়না তদন্ত না করাতে প্রভাবশালী একটি মহল তাদেরকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০১০ ঘ.
bdnews24