চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দরপত্রে পাঁচটি দেশি-বিদেশি কোম্পানি অংশ নিয়েছে।
ছয়টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়ার ফরম কিনলেও ‘পিএসএ ইউরোপ’ নামে সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক অপারেটর এ প্রক্রিয়ায় অংশ নেয়নি।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় বন্দর ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান এনসিটি প্রকল্পের পরিচালক ক্যাপ্টেন নাজমুল আলম।
দরপত্রে অংশ নেয়া পাঁচ প্রতিষ্ঠান হল- নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস, যুক্তরাজ্যের পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি ও হাচিনসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কনটেইনার সার্ভিসেস এবং দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
সাইফ পাওয়ারটেক এর সঙ্গে নমরিন এন্টারপ্রাইজ এবং চীনের একটি টার্মিনাল অপারেটর যৌথভাবে অংশ নিচ্ছে।
হাচিনসন ছাড়া অন্য অপারেটরদের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ ৪০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
ক্যাপ্টেন নাজমুল আলম আরো জানান, কেন্দ্রীয় ক্রয় সংক্রান্ত কারিগরি ইউনিটের (সিপিটিইউ) রিভিউ প্যানেলের নির্দেশনা অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি করা যাবে না। তবে এ সময়ে দরপত্র জমা এবং মূল্যায়ন কার্যক্রম চালানো যাবে।
এদিকে, এনসিটির দরপত্র প্রক্রিয়ায় ১২ টি শর্ত সংশোধন ও বিলুপ্ত করা নিয়ে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বন্দর রক্ষার আন্দোলনের ডাক দিয়েছেন।
এ কারণে সকাল থেকেই চট্টগ্রাম বন্দর ভবনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বন্দর নিরাপত্তা কর্মীদের কঠোর প্রহরা দেখা গেছে।
এছাড়া বন্দর ভবনে বন্দর কর্মকর্তা-কর্মচারী, দরপত্রে অংশগ্রহণকারী ও সাংবাদিক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৩৯ ঘ.
bdnews24