চুয়াডাঙ্গা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসূচি শুরুর ছয় ঘণ্টা পর ধর্মঘট স্থগিত করেছে চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে ধর্মঘট শুরু হলে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের বাস চলাচলও।
মহাসড়কে নসিমন-করিমন চলাচল বন্ধসহ তিনটি দাবিতে ডাকা এই ধর্মঘট দুপুর পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর স্থগিত করে পরিবহন শ্রমিকরা।
এরপর বেলা ৩টা থেকে সব রুটের বাস চলাচল পুনরায় শুরু হয়।
গত মঙ্গলবার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড়ে নসিমন-করিমনচালকরা বাস শ্রমিকদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
আসামিদের গ্রেপ্তার, দায়িত্বে অবহেলার জন্য সদর থানার ওসি অপসারণ এবং নসিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে এই কর্মসূচি ডাকে শ্রমিকরা।
চুয়াডাঙ্গা পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ও মটর মালিক গ্রুপের সভাপতি ওয়াছি উদ্দিন মালিক টিটু সাংবাদিকদের বলেন, দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ে সমঝোতা বৈঠকে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মইনউদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক আবুল কালাম, মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দার, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার এস এম নাজমুল হক বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24